নীলফামারী ডিমলায় দুই পা বিশিষ্ট একটি বকনা বাছুরের জন্ম হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ডিমলা সদর ইউনিয়নের রামাডাঙ্গা নামক গ্রামের মৃত মাটিয়া মামুদের পুত্র ঝাল মুড়ি বিক্রেতা আব্দুল জব্বারের (৫৫) গোয়ালে বাছুরটির জন্ম হয়।
জন্মের পর বাছুরটির বেঁচে থাকা নিয়ে সংশয় থাকলেও প্রানী সম্পদ হাসপাতালের চিকিৎসায় বর্তমানে সুস্থ রয়েছে। দুই পায়ের এই বাছুরটিকে দেখতে আব্দুল জব্বারের বাড়িতে ভিড় করেছে উৎসুক জনতা।
আব্দুল জব্বার জানান, গত রবিবার ডিমলা গরুর হাট হতে একটি সাদা রঙের ৯ মাস ১৫ দিনের গাভ গাভী ৪২ হাজার টাকায় ক্রয় করেন। সেই গাভীর অস্বাভাবিক বাছুরটির জন্মের পর তিনি অনেকটা বিস্মিত হন। তার স্ত্রী নূর বানু পাড়া প্রতিবেশীদের জানালে তারা দেখার জন্য ছুটে আসে।খবরটি ছড়িয়ে পড়ে উপজেলার বিভিন্ন এলাকায়।
উপজেলা প্রাণি সম্পদ ভেটেরিনারী কম্পাউন্ডার মোঃ আতাবুল হোসেন বাছুরটি দেখতে ঘটনাস্থলে আসেন।তিনি জানান, জন্মগত বা জিনগত সমস্যার কারণে এমন বাছুরের জন্ম হতে পারে। ঠিকমতো চিকিৎসা সেবা দিলে বাছুরটি স্বাভাবিক বাছুরের ন্যায় চলাফেরা করতে পারবে।
সুজন/নাজিব





