রাজবাড়ী গোয়ালন্দে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী রো রো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও শাহ জালাল বিকল হয়ে পড়েছে।
বুধবার সন্ধ্যায় যানবাহন বোঝাই অবস্থাতেই ফেরি দুটি বিকল হয়ে যায়। এতে পারাপারে তীব্র সমস্যা দেখা দিয়েছে।
দৌলতদিয়া ফেরি ঘাটের দায়িত্বরত এক কর্মকর্তা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান পাটুরিয়া ঘাট থেকে যানবাহনের পূর্ণ লোড নিয়ে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে।
দৌলতদিয়া চ্যানেলে প্রবেশের পর পন্টুনে ভেড়ার পূর্বমুহূর্তে ফেরিটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে আটকে থাকে। পরে দৌলতদিয়া ঘাট থেকে অপর রো রো ফেরি এনায়েতপুরী ঘটনাস্থলে গিয়ে ফেরিটিকে উদ্ধার করে ঘাটে নিয়ে আসে।
এদিকে, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন বোঝাই করে ছেড়ে যাওয়া রোরো ফেরি শাহজালাল পাটুরিয়া ঘাটে পৌঁছানোর আগেই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাইলেন্সার পাইপে আগুন লেগে যায়।
এ সময় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে ফেরিটি দ্রুত ঘাটে ভিড়িয়ে যানবাহন ও যাত্রীদের নামিয়ে ফেরিতে থাকা অগ্নি নির্বাপক ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফেরিটি পাটুরিয়া ঘাটে পরিচর্যায় রাখা হয়েছে।
এছাড়া বুধবার ইউটিলিটি ফেরি হাসনা-হেনা ও মন্দ্রমল্লিকা যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে মধুমতিতে মেরামতে রয়েছে।
ঈদ ও পূজা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধির সময়ে গুরুত্বপূর্ণ এ নৌরুটে তিনটি ফেরি বিকল থাকায় দৌলতদিয়া ঘাটে নদী পারের জন্য আসা যানবাহনের সাড়ি ক্রমেই দীর্ঘ হচ্ছে।
এসএইচ





