সাতক্ষীরা সদর উপজেলার রেউই এলাকায় ইভটিজারদের হামলায় এক নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
রোববার রাত ৯টার দিকে ইভটিজিংকে কেন্দ্র করে অনুষ্ঠিত সালিশ বৈঠকে রবিউল ইসলামের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- রেউই এলাকার বেলাল সরদার (৩৫), তার স্ত্রী শাহানারা খাতুন (২৮) ও একই এলাকার আব্দুর রহমান (২০)।
রবিউল ইসলাম জানান, তার মেয়েসহ গ্রামের অন্যান্য মাদ্রাসাগামী মেয়েদের দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল একই এলাকার মাদকাসক্ত যুবক বাবু হাসান, এনামুল, সেলিম, সুমন ও আরিজুল। এ ঘটনার প্রেক্ষিতে রোববার সন্ধ্যার পরে তার বাড়িতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বৈঠক বসে।
একপর্যায়ে মাদকাসক্ত বাবু হাসান, এনামুল, সেলিম, সুমন ও আরিজুল স্থানীয় সাবেক মেম্বর শহীদুলের নেতৃত্বে হাতুড়ি ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে বেলাল সরদার, তার স্ত্রী শাহানারা খাতুন ও একই এলাকার আব্দুর রহমান আহত হন।
আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ইভটিজারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





