রাজধানীর কদমতলীতে আতকিয়া গালিবা তাপতি (১৫) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে রায়েরবাগের ৩৫৬২ মুজাহিদনগরের ভাড়া বাসা থেকে তাপতির লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ছাত্রীর লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল (মিডফোর্ড) মর্গে প্রেরণ করা হয়।
তাপতির বাবার নাম মনিরুল আলম। কদমতলীর একে স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী ছিল।
পুলিশ জানায়, রায়েরবাগের মদীনাবাগের ৩৫৫ নম্বরে বসবাসকারী মেহেদি হাসান নামের এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল তাপতির। সম্প্রতি এ সম্পর্কের বিষয়টি ছেলের পরিবার মানতে অস্বীকৃতি জানালে অভিমানে ছাত্রীটি ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
কদমতলী থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। প্রেম ঘটিত কারণে অভিমানে তাপতি আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।