করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে পুলিশ কনস্টেবল সায়ফুল আলমের (৪১) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি মা-বাবা, স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।

সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে দায়িত্ব পালনের জন্য অকালে প্রাণ দিলেন সায়ফুল আলম। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকাল ৭টায় তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘সায়ফুল আলম কর্মজীবনে অত্যন্ত সাহসী, বিনয়ী ও সদালাপী হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তাঁর এই অকালপ্রয়াণ বাংলাদেশ পুলিশ এবং তাঁর পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর গ্রামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া গ্রামে। আমরা এই পুলিশ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পুলিশের ব্যবস্থাপনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী সায়ফুল আলমের দাফন সম্পন্ন করা হবে।

এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৫৪ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এমআর