ফেনী সদর উপজেলা ও নেত্রকোনায় মোহনগজ্ঞ উপজেলায় কথিত 'বন্দুকযুদ্ধে' দুই জন নিহত হয়েছে। এর ভিতরে ফেনীতে র‌্যাবের সাথে ও নেত্রকোনায় পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধ' হয়।

ফেনীঃ

ফেনী সদর উপজেলার ধর্মপুর এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‌্যাবের ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়। সোমবার ভোরে এই ঘটনা ঘটে। নিহতের নাম আনোয়ার হোসেন রাজু (২৫)।

র‌্যাব সূত্র জানায়, মাদক বিক্রেতারা একটি চালান নিয়ে ধর্মপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) একটি দল সেখানে অভিযান চালায়। পরে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পাল্টা গোলাগুলিতে রাজু নামের এই মাদক ব্যবসায়ী নিহত হয়।

ফেনী র‌্যাব-৭ ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম বন্দুকযুদ্ধে একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আনোয়ারের বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতি, অস্ত্র, মাদক ও চোরাচালানসহ ১০টি মামলা রয়েছে।

নেত্রকোনাঃ

এদিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক পলাতক আসামি নিহত হয়েছেন। সেখানে ঘটনাস্থল থেকে একটি শাটারগান ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে। রোববার রাত ১টার দিকে উপজেলার গাগলাজুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম রিপুল (৪০)। তিনি উপজেলার গাগলাজুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মোতালেব মিয়ার ছেলে।

পুলিশের দাবি, তার বিরুদ্ধে সুনামগঞ্জের ধর্মপাশা ও জামালগঞ্জ, সিলেট, নেত্রকোনা সদর, খালিয়াজুড়ী ও মোহনগঞ্জ থানায় খুন, ডাকাতি, চাঁদাবাজি, দস্যুতা, চুরি ও পুলিশ অ্যাসল্টের মামলাসহ ১৯ মামলা রয়েছে। দুই মামলায় ১০ বছর করে সাজা মাথায় নিয়ে তিনি পলাতক ছিলেন।

জেড