করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ হাজার ৯৮৮ জন।

একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ৬ হাজার ৮৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ১২ হাজার ২১৮ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৮০৫ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন।

শনিবার (১৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহীত হয়েছে ৩২ হাজার ৮১০টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ হাজার ৩৩০টি। এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৩ লাখ ৭৫ হাজার ৫২০টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৬১ লাখ ৯৪ হাজার ৯৩১টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২১ লাখ ৮০ হাজার ৫৮৯টি।

একইদিনে করোনা রোগী শনাক্তের হার ২০ দশমিক ৬৬ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৭৩ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৭০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭৮ জনের মধ্যে পুরুষ ১০৯ জন আর নারী ৬৯ জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ১৫ হাজার ৮৪২ জন পুরুষ এবং ৭ হাজার ১৪৬ জন নারী মারা গেলেন।

মারা যাওয়া ১৭৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪৫ জন, রাজশাহী বিবাগে ১৪ জন, খুলনা বিভাগে ২৩ জন, বরিশাল বিভাগে ৭ জন, সিলেট বিভাগে ১১ জন, রংপুর বিভাগে ৬ জন আর ময়মনসিংহ বিভাগে ৫ জন রয়েছেন।

এমবি