জেলার লোহাগড়া পৌরসভায় জহুর কাজী (৩৮) নামে এক যুবকের হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা।

পৌরসভার খলিসাখালী গ্রামে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত জহুর কাজী খলিসাখালী গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

স্থানীয়রা জানান, জহুর কাজী মঙ্গলবার রাতে খলিশাখালী বটতলা এলাকা থেকে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ওঁতপেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাতের কবজির ওপর থেকে কেটে বিচ্ছিন্ন করে দেয়।

তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এমকে