কিশোরগঞ্জে ধীরেন্দ্র দাস (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ধীরেন্দ্র দাস কিশোরগঞ্জ সদরের মাইজখাপন ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের বাসীন্দা।

সোমবার বিকালে সদরের মাইজখাপনের কাচারীপাড়ায় নুরাল (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক এ ঘটনা ঘটায়। সে সময় নুরালের দায়ের কোপে আরো ১০ জন আহত হয়েছেন।

নুরাল ওই এলাকার কালাইহাটি গ্রামের হেলিম মিয়ার ছেলে।

আহতদের কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- আজিজুল, তৃপ্তি রানী চক্রবর্তী, বিরু দাস ও রায়হানুল আলম। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তৃপ্তি রানী চক্রবর্তী, বিরু দাস ও রায়হানুল আলমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে মানসিক ভারসাম্যহীন নুরাল অতর্কিতভাবে ধীরেন্দ্র দাসকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় আশপাশের মানুষ এগিয়ে গেলে নুরাল এলোপাথাড়ি কুপিয়ে আরো ১০ জনকে জখম করে। ঘটনার পর গ্রামবাসী ঘাতক নূরালকে আটক করে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ঘাতক নূরাল মানসিক ভারসাম্যহীন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমকে