মাগুরায় আজ বৃহস্পতিবার নতুন করে সদ্য করোনায় আক্রান্ত এসপি অফিসে চাকুরীরত পুলিশ সদস্যের শিশুপুত্রসহ ৫ জন করোনা রুগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মাগুরা সদর উপজেলায় ৪ জন এবং শ্রীপুর উপজেলায় ১ জন ।

আজ (৪ জুন) বৃহস্পতিবার সকালে মাগুরা সিভিল সার্জন অফিসের মনিটরিং অফিসার ডা. আরিফুর রহমান জানান, মাগুরায় গত ২৪ ঘন্টায় প্রাপ্ত রিপোর্টে করোনা পজিটিভ এসেছে ৫ জনের। তাদের মধ্যে ৪ জন মাগুরা সদর উপজেলার এবং অন্য একজন শ্রীপুর উপজেলার। এদের মধ্যে ইতিপূর্বে করোনায় আক্রান্ত এসপি অফিসের সুফিয়ানের শিশু পুত্র সেজাদ (৫)। অন্যরা হলো মাগুরা শহরের ভায়না এলাকার বাসিন্দা ব্যবসায়ী নাহিদ খন্দকার(৩২), শহরের পশুহাসপাতাল পাড়ার বাসিন্দা ব্যবসায়ী কানু দাস(৩২), সদরের কুল্লিয়ার সদ্য ঢাকা ফেরত ব্যবসায়ী আল আমিন(৩০) ও শ্রীপুর উপজেলার মালাইনগর, দ্বারিয়াপুর এলাকার প্রাইভেট কোম্পানিতে চাকুরিরত ওসমান আলী(২৮)।

এদেরকে নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে রাখা হয়েছে এবং সবার বাড়িই লকডাউন করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে মাগুরায় ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। তাদের মধ্যে ১৯ জনকে সুস্থ ঘোষনা করেছে মাগুরা স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে হোম আইসোলেশনে রাখা হয়েছে ৯ জনকে।

বর্তমানে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১ জন, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং আজ তার শিশু পুত্রের ও করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

পুলিশ সদস্য সুফিয়ানের স্ত্রী নুসরাত জাহান উর্মি জানান, উনি ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন, বর্তমানে সে অনেক ভালো। আর আমার একমাত্র পুত্র সেজাদ (৫) সে বাসাতেই সুস্থ্য আছে।
এখন পর্যন্ত জেলায় আজকের ৫ জনসহ মোট করোনা পজিটিভ রোগী দাড়ালো ৩৪ জনে।

সাইফুল্লাহ/এমবি