রাজধানীর পল্লবীতে ছুরিকাঘাতে মোহাম্মদ রিপন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে পল্লবীর ১১ নম্বর সেকশনের বড় মসজিদের পাশে এই ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া এই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার পরপরই আশপাশের লোকজন রিপনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে ও পেটে ছুরিকাঘাতে চিহ্ন রয়েছে।

নিহত রিপনের দূর সম্পকের বোন পারভীন বেগম জানান, রিপন কাওরানবাজার এলাকায় থাকতো। সে কাওরানবাজারে আড়ৎতে কাজ করতো। সন্ধ্যায় পল্লবীতে আমার বাসায় বেড়াতে গিয়েছিল। রাতে খাওয়াদাওয়া করে কাওরান বাজার যাওয়ার পথে ৩/৪ জন যুবক তার পথরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কী কারণে রিপনকে মারলো তা বলতে পারছি না।

রিপনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তৎক্ষণিকভাবে নিহতের ঘটনা বিস্তারিত পাওয়া যায়নি।

এমবি