পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বিবিসি বাজার সংলগ্ন বিশুতলা এলাকায় বজ্রপাতে সিয়াম (৮) ও সবুজ (৯) নামে দু’টি শিশুর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরো দুই শিশু।
মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত সিয়াম বিবিসি বাজারের সবজি বিক্রেতা রেজাউল ইসলামের ছেলে ও সবুজ একই এলাকার স্বপন কুমার কুণ্ডুর ছেলে।
আহতরা হলো- একই এলাকার লিটন হোসেনের মেয়ে নিপা (৮) ও দিলিপ কুমারের ছেলে প্রান্ত (১০)। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬টার দিকে ঝড় ও বৃষ্টির সময় ওই গ্রামের সিয়াম, সবুজ, নিপা ও প্রান্ত বাড়ির পাশের আম বাগানে আম কুড়াতে যায়। এসময় বজ্রপাত হলে চার শিশুরই শরীর ঝলসে যায়। টের পেয়ে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সিয়াম ও সবুজকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক শাহানাজ পারভিন জানান, আহত প্রান্ত ও নিপার অবস্থা আশঙ্কাজনক।
কেএইচ





