রাজধানীর রুপনগরে বাস-লেগুনা সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় বিরুলিয়া পানি উন্নয়ন বোর্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। রুপনগর থানার এসআই উত্তম সরকার বলেন, সকালে বাস ও লেগুনা দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।

তিনি জানান, নিহতদের মধ্যে একজন লেগুনার চালক। তবে অন্যজন লেগুনা নাকি বাসের যাত্রী সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রুপনগর থানার ওসি শেখ মোহাম্মদ শাহ আলম জানান, মায়ের দোয়া পরিবহনের একটি বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। তবে বাসটিকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

এমআর