যশোর বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে ৩৩ লাখ টাকার কাপড়সহ তিন চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ -বিজিবি সদস্যরা।

সোমবার (১২ জুন) রাতে ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে আটক করে।
আটকরা হলেন- সাভারের রাজাসন এলাকার রাজ্জাকের ছেলে নবির হোসেন(৩২), হযরত আলীর ছেলে রুবেল(২৬) ও আব্দুস ছাত্তরের ছেলে আবু বক্কর(৩৪)।

বিজিবি জানায়, বেনাপোল সীমান্ত থেকে চোরাকারবারীরা বিপুল পরিমান ভারতীয় মালামাল নিয়ে একটি মাইক্রোবাস যোগে যশোরের দিকে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে আমড়াখালী বিজিবি চেকপোস্টে মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালিয়ে কাগজপত্র বিহীন প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ করে। এসময় মাইক্রোবাস চালক সহ ৩ জনকে আটক করা হয়।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির আমড়াখালী চেকপোস্টের কর্মরত হাবিলদার আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) জহিরুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

নাছির/এমবি