নড়াইলে মানবপাচারের মিথ্যা মামলা দায়ের করায় বাবা নাজমুল শেখ (৫০) ও তার মেয়ে সামিরাকে (২৫) কারাগারে পাঠানো হয়েছে।

আজ (বুধবার) দুপুরে মানবপাচার ট্রাইব্যুনালের বিচারক আবুল বাশার মুন্সী এ আদেশ দেন। নাজমুলের বাড়ি কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে।

আদালত সূত্র ও মামলার বিবরণে জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামের নাজমুল শেখ তার মেয়ে সামিরাকে পাচারের অভিযোগ এনে গত ২৪ জুলাই মানবপাচার দমন আইনে আদালতে মামলা দায়ের করেন। মামলায় শরীয়তপুর জেলার জাজিরা এলাকার শাহ আলমসহ চারজনকে আসামি করা হয়।

গত ৫ জুলাই কালিয়া বাজার এলাকা থেকে সামিরাকে পাচার করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। আদালত কালিয়া থানা পুলিশকে এ মামলার তদন্তের নির্দেশ দেন।

তদন্তকারী কর্মকর্তা কালিয়া থানার এসআই আব্দুল করিম জানান, ঘটনার দিন বাবার সাথে রাগ করে সামিরা তার ভাইয়ের শ্বশুরবাড়ি শরীয়তপুরে যান। পরবর্তীতে সেখান থেকে (ভাইয়ের শ্বশুরবাড়ি) সামিরাকে উদ্ধার করা হয়। হয়রানির উদ্দেশ্যে তার ভাইয়ের শ্বশুরবাড়ি এলাকার শাহ আলমসহ অন্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়।

এ মর্মে গতকাল (মঙ্গলবার) আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন পুলিশের ওই কর্মকর্তা। আজ (বুধবার) মামলার ধার্য তারিখে বাদী নাজমুল ও তার মেয়ে সামিরা আদালতে হাজির হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

এদিকে, মিথ্যা মামলা দায়ের করায় বাবা ও মেয়ের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন আদালত। সামিরার শ্বশুরবাড়ি কালিয়ার পাটেশ্বরী গ্রামে। স্বামী ওমানে আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এসএ/কেবি