শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বজ্রপাতে চার স্কুলছাত্রী আহত হয়েছে। উপজেলার কেওড়ভাঙ্গা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে শনিবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

আহতরা হল- রোকসানা বেগম, সাদিয়া আফরোজ, চৈতি বেগম ও বীথি আকর্তা। তারা চারজনই কেওড়ভাঙ্গা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।

কেওড়ভাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক বলেন, সকাল সাড়ে ৯টায় ওই চার ছাত্রী স্কুলের একটি ক্লাসে সহকারী শিক্ষক রেনুফার কাছে প্রাইভেট পড়ছিল। হঠাৎ করে বজ্রপাতের শব্দে তারা জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয় লোকজন ও আমি তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেছি। সদর হাসপাতালে ডাক্তার বলছেন তারা এখন আশঙ্কামুক্ত।

সদর হাসপাতালের ডাক্তার সুমন পোদ্দার বলেন, সকালে বজ্রপাতে আহত চার ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তখন তাদের অবস্থা ভাল ছিল না। চিকিৎসা দেওয়ার পরে এখন তারা আশঙ্কামুক্ত।

কেএইচ