সিলেটে নির্মম নির্যাতনে খুন হওয়া শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনতে সৌদি আরব যাচ্ছেন তিন পুলিশ কর্মকর্তা।

তবে তাদের সৌদি যাওয়ার দিনক্ষণ এখনো ঠিক হয়নি। আগামীকাল বুধবার তাদের সৌদি যাওয়া-আসার বাজেট বরাদ্দ হতে পারে।

তিন পুলিশ কর্মকর্তার সৌদি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ।

তিনি জানান, পুলিশ সদর দফতর থেকে এ সংক্রান্ত কাগজপত্র হাতে পেয়েছেন। আগামী দু’একদিনের মধ্যেই তারা সৌদি যাবেন।

মোহাম্মদ রহমত উল্লাহ জানান, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সদর দফতর) মাহবুবুল করিমের নেতৃত্বে তিনজনের টিম সৌদি আরব যাবে। টিমের বাকি দু'জন হচ্ছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন এবং তিনি নিজে (রহমত উল্লাহ)।

বুধবার সৌদি যাওয়ার জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ হতে পারে বলেও জানিয়েছেন রহমত উল্লাহ।

তিনি আরো জানান, রিটার্ন টিকেটি নিয়েই তারা সৌদিতে যাবেন। সৌদি পুলিশ এবং ইন্টারপোলের সহায়তায় কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে নির্যাতনে খুন করা হয় শিশু সামিউল আলম রাজনকে। ঘটনার পরদিনই সৌদি পালিয়ে যায় কামরুল। ১৩ জুলাই রাত ৮টার দিকে সৌদি প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় কামরুলকে আটক করে সৌদি পুলিশ।

বর্তমানে রাজন হত্যা মামলাটি সিলেট মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। এ মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।

কেএইচ