পারিবারিক কলহের জেরে বাগেরহাটে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে।

মিনা বেগম (৩৭) নামের ওই নারী গোপালগঞ্জ পুলিশ লাইনের কনস্টেবল শেখ কাওসার আলীর স্ত্রী।

শুক্রবার সকালে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বেমরতা গ্রামে কাওসারের বাড়ি থেকে মিনার লাশ উদ্ধার করা হয় বলে বাগেরহাট মডেল থানার ওসি মিজানুর রহমান জানান।

তিনি বলেন, ঘটনার পর থেকে কাওসার পলাতক।ময়নাতদন্তের জন্য মিনার লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই দম্পতির বড় মেয়ে কনার বরাত দিয়ে ওসি জানান, কাওসার ও মিনার মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

“ঝগড়ার এক পর্যায়ে কাওসার ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও দুই মেয়েকে ঘরের মধ্যে ঢুকিয়ে দরজায় তালা মেরে বাইরে চলে যান।”

পরে রাতের কোনো এক সময় ফিরে এসে তিনি মিনাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে ধারণা করছেন ওসি।

এমআর