সিরাজগঞ্জের শাহজাদপুরে বরফ খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় একটি দোকান, ১০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটসহ খড়ের গাদাতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

সংঘর্ষের ঘটনায় আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। উভয় গ্রামে থমথমে পরিবেশ বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদের পরের দিন শনিবার বিকালে উপজেলার বেলতৈল ইউনিয়নের ঘোরশাল গ্রাম এবং পাশের কামালপুর গ্রামের কয়েক কিশোর বন্ধুদের মাঝে বরফ খাওয়া নিয়ে বাকবিতণ্ডায় জড়ায়। এ নিয়ে উভয় গ্রামের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি সমাধানের জন্য রোববার সকাল ১০টার দিকে ঘোরশাল চার রাস্তার মাথায় এক শালিস বৈঠকের আয়োজন করে উভয় গ্রামের সমাজপতিরা।

কিন্তু শালিস বৈঠক শুরুর আগেই কামলপুরের বাসিন্দারা ওই বৈঠকের ওপর হামলা চালায়। এ সংবাদ ছড়িয়ে পড়লে ঘোরশাল গ্রামের বাসিন্দারাও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ঘোরশাল গ্রামের মৃত জেনাত আলীর ছেলে আশরাফ আলীকে (৫০) কুপিয়ে জখম করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে ছয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

বেলতৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এ জন্য তিনি কায়েমপুর গ্রামের বাসিন্দাদের দায়ী করেন।

শাহজাদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) রেজাউল হকের বরাদ দিয়ে (এসআই) মিজান জানান, লাশ এখনও থানায় রাখা আছে। আনুষ্ঠানিকতা শেষে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হবে। মামলার প্রস্তুতি চলছে।

কেএইচ