সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পুলিশ সদস্যের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
আজ (১৫ আগস্ট) বৃহস্পতিবার সকালে উপজেলার মনসুর নগর ইউনিয়নের মাজনাবাড়ি উচ্চ বিদ্যালয়ের পাশে যমুনা নদী থেকে বেলাল হোসেনের (৩১) লাশটি উদ্ধার করে স্থানীয়রা।
নৌকাডুবিতে জাবেদ আলী তরফদার (৬৫) নামে এক বৃদ্ধ এখনও নিখোঁজ রয়েছেন।
রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৫ ঘন্টা অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।
কাজিপুর থানার ওসি এ.কে.এম লুৎফর রহমান জানান, সকালে পুলিশ সদস্য বেলাল হোসেনের লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিহত বেলাল হোসেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজির ডাকবাংলোতে কর্মরত ছিলেন।
এর আগে গতকাল (বুধবার) দুপুরে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার জামুরিয়া এলাকা থেকে আসা নৌকাটি কাজিপুরের সিন্নার চর এলাকায় পৌঁছলে দুর্যোগপুর্ণ আবহাওয়ায় কারণে যমুনার প্রবল তোড়ে ডুবে যায়।
এতে ঘটনাস্থলেই রেনু বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়। তার স্বামী জাভেদ আলী তরফদার ও পুলিশ সদস্য বেলাল হোসেন নিখোঁজ হন।এসময় ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ি হাসপাতালে ভর্তি পাঠানো হয়।
এমবি





