ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুরে গত সপ্তাহের সোম ও মঙ্গলবার আরডি একাডেমির ৭৭ জন ছাত্রী এবং বৃহস্পতিবার একই এলাকার খলিলপুর উচ্চ বিদ্যালয়ের ৩০ জন ছাত্রী গণমানসিক রোগে আক্রান্ত হয়।
অসুস্থ ছাত্রীদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
এদিকে গণমানসিক রোগে আক্রান্তের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে যাতে আতঙ্ক ছড়িয়ে না পড়ে সেজন্য জেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শনি ও রোববার দুদিন সদর উপজেলার ৫৭টি সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস ছুটি ঘোষণা করা হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র ম-ল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেন কী কারণে শুধু ছাত্রীরাই এ রোগে আক্রান্ত হচ্ছে তা জানতে সিভিল সার্জনের নেতৃত্বে তদন্ত কমিটি কাজ করছে।
এ ব্যাপারে জানতে চাইলে ফরিদপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী বলেন, এটি গণমানসিক রোগ। কোনো নির্দিষ্ট এলাকা বা জায়গার এক বা একাধিক ব্যক্তি হঠাৎ করেই এ রোগে আক্রান্ত হতে পারেন। আক্রান্তরা শ্বাসকষ্ট ও হাত ও পায়ে অবশ অনুভব করেন। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলে তারা সুস্থ হয়ে উঠবে।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ড. আবু নইম মুহাম্মদ আবদুছ ছবুর জানান, গণমানসিক রোগে আক্রান্ত হয়ে সদর উপজেলার দুটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা অসুস্থ হওয়ার ঘটনায় জেলার সিভিল সার্জন ডা. অসিত রঞ্জন দাসের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দিয়েছে।
এতে বলা হয়, মানসিক কারণেই ওই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছিল। কমিটির দেওয়া প্রতিবেদনে বিদ্যালয় এলাকার পরিবেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা ও কাউকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি বলেন, গণমানসিক রোগে আক্রান্তের খবরে শিক্ষার্থীদের মাঝে যাতে আতঙ্ক ছড়িয়ে না পড়ে সেজন্য রোববার পর্যন্ত সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমএম





