পঞ্চগড়ের চারমাইলে ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী ও একজন শিশু।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের চারমাইলে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, চারমাইল এলাকায় পঞ্চগড়গামী ইজিবাইকের সঙ্গে তেঁতুলিয়াগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, নিহতদের লাশ পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে গেছে।
এএইচ





