খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় পুত্রের হাতে পিতা খুন হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার বেলা ১১টায় মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো: মফিজুল ইসলাম(৬২)। এ ঘটনার পর থেকে ঘাতক পুত্র জসিম উদ্দিন পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে কৃষি কাজ করার জন্য একটি ট্রাক্টর ক্রয় করেন নিহত কৃষক মো:মফিজুল ইসলাম।
ছেলে জসিম উদ্দিন ঠিকমতো কৃষিকাজ না করায় তিনি ট্রাক্টর বিক্রি করে দিবেন বলায় রবিবার সকালে পিতা-পুত্রেরর মাঝে কথা কাটা-কাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে পুত্র জসিম উদ্দিন ঘর থেকে ধারালো দা এনে বয়োবৃদ্ধ পিতা মো. মফিজুল ইসলাম (৬২)-কে তার ঘাড়ে একাধিকবার কোপ দেয়।
এসময় কৃষক মফিজুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে, আত্মীয়-স্বজন তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের ঘাড়ের বাম পাশে দায়ের কোপ ছিল বলে নিশ্চিত করেছেন, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. ত্রিটন চাকমা।
এবিষয়ে নিহতের ছোট ভাই মো: নুরু মিয়া বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যে পুত্র নিজ পিতাকে হত্যা করতে পারে তার বেচে থাকার কোন অধিকার নেই। এসময় এই ঘটনায় মামলা করা হবে বলে জানান তিনি।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: সাহাদাত হোসেন টিটো। হত্যার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ছিদ্দিক/এআই





