পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি বলেছেন, সমাজে সত্যিকারভাবে ইসলাম কায়েম হলে এবং সর্বত্র ইসলামী আইন পালন করলে কোথাও মারামারি-হানাহানি থাকবে না।
সোমবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
‘অর্থনৈতিক জীবনে তাকওয়া ও ইসলামী ব্যাংকিং’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ব্যাংক লিমিটেড।
পরিকল্পনামন্ত্রী বলেন, সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে হবে। সম্পদশালী মানুষের ওপর গরীবের হক আছে তাই কর্মসংস্থান সৃষ্টি করে গরীবদের উপকার করতে হবে।
সভাপতির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের বলেন, ইসলামী ব্যাংক ইসলামের অর্থনৈতিক লক্ষ্য বাস্তবায়নে কাজ করে এ ব্যাংক মানুষের জীবনমান উন্নয়ন ও বৈষম্যহীন সমৃদ্ধ দেশ গড়তে কাজ করছে। ইসলামী ব্যাংক দেশের ব্যবসা বাণিজ্য, কৃষি, ক্ষুকদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প উন্নয়ন ও কর্মসংস্থান তৈরীতে অগ্রণী ভুমিকা পালন করছে।

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মান্নান বলেন, ইসলামী ব্যাংক তাকওয়াভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা। কোনো পদ্ধতিগত দিক থেকে নয় ইসলামী ব্যাংক জনগণের কল্যাণে কাজ করে। তাই ইসলামী ব্যাংক কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক।
ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ


ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান, এমডি মোহাম্মদ আব্দুল মান্নান, ব্যারিস্টার রফিকুল ইসলাম, সাবেক প্রধান বিচারপতি আব্দুর রউফ প্রমুখ।