চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার (০৪ সেপ্টেম্বর) রাতে ভারতের সীমান্তের অভ্যন্তরে ৭৪ নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে। 

নিহত নাজিম উদ্দিন চুয়াডাঙ্গা সদর উপজেলার সীমান্তবর্তী আকন্দবাড়িয়া গ্রামের তারু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার রাত ৩টার দিকে সীমান্তবর্তী ৭৪নং মেইন পিলারের কাছাকাছি ভারতের পোঁতা ক্যাম্পের ১নং গেট এলাকায় বিএসএফের গুলিতে নাজিম নিহত হন।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী ৫৮-বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার রেজাউল করিম জানান, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।

এর আগে গত ০৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও এক যুবক আহত হয়েছে।

মঙ্গলবার ভোরে ডিমলা উপজেলার কালীগঞ্জ সীমান্তে তিস্তা নদীর চরে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ বাবুল (২২)। তিনি ডিমলা উপজেলার কালীগঞ্জ গ্রামের নুর মোহাম্মদের ছেলে। আহত যুবকের নাম সাইফুল ইসলাম (২৩)। সেও একই গ্রামের গোলজার রহমানের ছেলে। 

এমবি