গাইবান্ধার সুন্দরগঞ্জে চার পুলিশ হত্যা মামলায় ২৩৪ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত-শিবির তান্ডব চালায়। এতে বামনডাঙ্গায় চার পুলিশ নিহত হন।

এ মামলায় দীর্ঘ তদন্ত শেষে সুন্দরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুল আজিজসহ ২৩৪ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক।

জামায়াত শিবিরের তান্ডবে নিহত চার পুলিশ সদস্য’রা হলেন- জেলার সাঘাটা উপজেলার খামার ধনারুহা গ্রামের মৃত এছাহাক আলীর পুত্র নাজিম উদ্দিন (কং নং১৫৮), বগুড়ার সোনাতলা উপজেলার ঠাকুরপাড়া গ্রামের তফিজ উদ্দিনের পুত্র বাবলু মিয়া (কং নং ৫৩৭) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কিশামত গোবধা গ্রামের আবু শামার পুত্র হযরত আলী (কং নং- ৪৯২), রংপুরের পীরগাছা উপজেলার রহমতচর গ্রামের আনছার আলীর পুত্র তোজাম্মেল হক (কং নং ৪৮৮)।

ঘটনার পর বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন ইনচার্জ ও উপ-পরিদর্শক আবু হানিফ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াতের সাবেক এমপি মাওলানা আব্দুল আজিজসহ ৮৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেন।

গত ১৮ সেপ্টেম্বরে গাইবান্ধা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এ মামলার অভিযোগপত্র দাখিল করেছেন বলে নিশ্চিত করেন। চাঞ্চল্যকর পুলিশ হত্যা মামলার অভিযোগপত্র প্রদানের ব্যাপারে পুলিশ বিশেষ সতর্কতা অবলম্বন করায় অভিযোগপত্র দাখিলের ব্যাপারটি গণমাধ্যমকর্মীরা বিলম্বে জানতে পেয়েছেন বলে জানা গেছে।

ঢাকা, ২২ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ