গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আ. রহিম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে গোলাম মোস্তফা রিপন বাদী হয়ে ১৮ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।
জানা গেছে, উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের কঞ্চিবাড়ি (বৈরাগীরটারী) গ্রামের আ. রহিমের সঙ্গে প্রতিবেশী সোলেমান হকের পাঁচ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার সন্ধ্যায় আ. রহিমের লোকজন সোলেমানের বসত বাড়িতে হামলা করলে উভয়ের মধ্যে মারামারি হয়। এতে আ. রহিম গুরুতর আহত হয়।
তার লোকজন উদ্ধার করে তাকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এদিকে আ. রহিমের মৃত্যুর খবরে সোলেমানের বসত বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এআই





