চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে ইয়ামিন (৫) ও জান্নাতি আক্তার (৪) নামে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত শিশুরা হল ওই এলাকার সিরাজ খানের ছেলে ইয়ামিন ও ইসমাইল খানের মেয়ে জান্নাতি আক্তার। তারা একে অপরের চাচতো জেঠাতো ভাই-বোন।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুর ১টার দিকে দুই শিশু খেলার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। নির্দিষ্ট সময় পার হওয়ার পরও তারা বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশে পুকুরের পানিতে ওই দুই শিশুকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা দুই শিশুকে উদ্ধার করে মতলব দক্ষিণ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সন্ধ্যার পরে নামাজে জানাযা শেষে দুই শিশুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান শিশু ইয়ামিনের পিতা সিরাজ খান।

এমবি