মোবাইল চুরির অভিযোগে মাগুরা শহরের পারলা এলাকায় তোতা বিশ্বাস নামে এক ব্যক্তিকে নির্যাতন করেছে চার যুবক।

যুবকরা তোতার মাথার চুল কেটে, গলায় জুতার মালা ঝুলিয়ে পিঠমোড়া দিয়ে বেঁধে তার শরীরের বিভিন্ন স্থানে ব্যাপক নির্যাতন চালায়। পরে পুলিশ আহত অবস্থায় তোতাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। পাশাপাশি নির্যাতনকারী ওই চার যুবককে আটক করে। তোতা মাগুরা শহরের পূর্ব খালকুল পাড়ার বাসিন্দা।

অপরদিকে নির্যাতনকারী চারজন হলেন- আরমান, শাহিন, আল-আমিন ও তুহিন। তাদের বাড়িও একই এলাকায়।

অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, মাগুরা পুরাতন বাজারে মাংসের দোকানের কর্মচারী তোতা রোববার রাত সাড়ে ১০টার দিকে শহর থেকে বাড়িতে ফিরছিল। এ সময় ঢাকা রোড বাসস্ট্যান্ড এলাকায় তার প্রতিবেশী ওই চার যুবক মোবাইল চুরির অভিযোগে তাকে ধরে মীরপাড়া মোড়ে নিয়ে যায়।

পরে তার মাথার চুল কেটে, ঝাড়ু-জুতা গলায় ঝুলিয়ে পিঠমোড়া দিয়ে বেঁধে শরীরের বিভিন্ন স্থানে প্রায় ঘণ্টাব্যাপী নির্যাতন চালায়। পরে তাকে আরো নির্যাতনের জন্য পার্শ্ববর্তী পারলা স্কুলের পাশে নির্জন বাঁশ বাগানের দিকে নিয়ে যাচ্ছিল যুবকরা। এ সময় রাত সাড়ে ১১টার দিকে টহলরত মাগুরা পুলিশ সুপার একে এম এহসান উল্লাহসহ পুলিশ সদস্যরা তাকে উদ্ধার এবং ওই চার যুবকে আটক করে।

পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ বলেন, সময়মত দুর্বৃত্তদের হাত থেকে তোতাকে পুলিশ উদ্ধার করতে না পারলে নির্মম নির্যাতনের শিকার হয়ে হয়তো ঘটে যেত আরো একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা।

কেএইচ