মৌসুমী বায়ুর প্রভাবে অব্যাহত বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বান্দরবান-কেরানিহাট মহাসড়কের মাহালিয়া ও বাজালিয়া বড়দুয়ারা এলাকা ডুবে গেছে।  এর ফলে বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রামের সঙ্গে বান্দরবানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় সড়কের উভয় পাশে আটকা পড়েছে অসংখ্য যাত্রীবাহী গাড়ী।

এদিকে সাতকানিয়া উপজেলার ছদাহা, কেউচিয়া, জনার কেউচিয়া, আমিলাইশ, নলুয়া, চরতিসহ বিস্তীর্ণ এলাকার বসত ঘরে পানি প্রবেশ করায় পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। প্লাবিত হয়েছে জমির মৌসুমী ফসলের ক্ষেত।

টানা বর্ষণের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি শঙ্খনদীর পানিও বৃদ্ধি পেয়েছে। বর্ষণ অব্যাহত থাকলে শঙ্খনদীর পানি দু’কূল উপচে পড়তে পারে। ফলে নদীপাড়ে বসবাস করা মানুষের মাঝেও আতঙ্ক বিরাজ করছে।  টানা বর্ষণের কারণে শঙ্খনদীর ভাঙন রক্ষার কাজও বন্ধ হয়ে পড়েছে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ বলেন, পাহাড়ি ঢলের পানিতে বান্দরবান-কেরানিহাট মহাসড়ক তলিয়ে যাওয়ার কারণে যানবাহন চলাচল বন্ধ আছে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষ পানিবন্দী অবস্থায় আছে।  স্থানীয়ভাবে তাদেরকে বিভিন্ন ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে।

জেআই