মেহেরপুর সদর উপজেলার নুরপুর গ্রামে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ফিরাতুল ইসলাম (৪৪) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে পুলিশ।
মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব জানান, নুরপুর গ্রামের জনৈক আশরাফুল ইসলাম খোকনের কাঠালবাগানে সন্দেহভাজন একদল সন্ত্রাসী অবস্থান করছিল। সেখানে পুলিশের একটি দল পৌঁছালে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে।
এ সময় পুলিশও পাল্টা গুলি বর্ষণ করলে উভয় পক্ষের মধ্যে কিছু সময় ‘বন্দুকযুদ্ধ’ চলতে থাকে। একপর্যায়ে ফিরাতুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি এলজি সার্টারগান, ৫ রাউন্ড গুলি, ৫ ককটেল ও তিনটি রামদা (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়।
বন্দুকযুদ্ধে পুলিশের ৫ সদস্য আহত হয়েছে। তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন এএসপি আহসান হাবীব।
ফিরাতুল এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত ছিল জানিয়ে সহকারী পুলিশ সুপার আরো বলেন, তার নামে সদর ও মুজিবনগর থানায় হত্যা, ডাকাতি, বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন অপরাধের ১০টি মামলা রয়েছে।
এমএনজে





