নওগাঁর রাণীনগরে মোবাইল ফোন কিনে না দেওয়ায় রয়েল হোসেন (২২) নামে এক যুবক ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে অাত্মহত্যা করেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিলপালশা গ্রামে এঘটনা ঘটে। রয়েল হোসেন উপজেলার বিলপালশা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
এলাকাবাসি সুত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধায় রয়েল একটি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য বাবা-মার কাছে বায়না ধরে। বাবা তার দোকানে চলে গেলে রয়েল তার মার কাছে এখনি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য জেদ ধরে। ধান কাটা-মাড়াই করার পর মোবাইল কিনে দিবো বলেন তার মা। তখন রয়েল মোবাইল কিনে দিলে না তো কি হয় দেখতে পাবে বলে নিজ ঘরের মধ্যে গিয়ে চুপচাপ বসে থাকে। এর মধ্যে মাগরিবের আজান দিলে মা হাঁস-মুরগী তোলার জন্য চলে যায়। এই সুযোগে ঘরের দরজা বন্ধ করে রয়েল ফ্যানের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
রাণীনগর থানার (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।





