চট্টগ্রামের বোয়ালখালীতে তরুণীকে ধর্ষণের দায়ে দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক মো.রেজাউল করিম এ রায় দিয়েছেন।
দন্ডিত আসামিরা হল, বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডী গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মো.জসিম এবং মৃত অছি মিয়ার ছেলে দিদারুল আলম। দুই আসামি জামিনে গিয়ে বর্তমানে পলাতক আছেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জেসমিন আক্তার বলেন, আসামির বিরুদ্ধে ১৯৯৫ সালের বিশেষ বিধান আইনের ৬ (৩) ধারায় রাষ্ট্রপক্ষে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ২৩ মার্চ মিরসরাই থেকে এক তরুণী বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ওই রাতে এলাকার চারজন জসিম, দিদারুল আলম, আবুল বশর ও মফিজুর রহমান তরুণীর বোনের বাড়িতে হানা দেয়।
তারা বেড়া কেটে ঘরে ঢুকে তরুণীর বোন ও তার স্বামীকে অস্ত্রের ভয় দেখিয়ে একটি কক্ষে আটকে রাখে। এরপর ওই তরুণীকে রাতভর চারজন মিলে পালাক্রমে ধর্ষণ করে।
এ ঘটনায় তরুণী বাদি হয়ে ১৯৯৮ সালের ২৭ মার্চ বোয়ালখালী থানায় একটি মামলা দায়ের করেন। ওই বছরের ৩ সেপ্টেম্বর চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা।
১৯৯৯ সালের ১৭ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। বিচার চলাকালে আসামি আবুল বশর ও মফিজুর রহমান মারা গেছেন। আদালত তাদের বিচারিক কার্যক্রম থেকে অব্যাহতি দেন।
মোট ১৫ জন সাক্ষীর মধ্যে৫ জনের সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে ট্রাইব্যুনাল রায় দেন।
কেএইচ





