চট্টগ্রামের বাঁশখালী থানায় জায়গা-জমির বিরোধের জেরে মারামারিতে নিহতের ঘটনায় সন্দেহজনকভাবে বাবা মো: সিদ্দিককে আটকের ক্ষোভে ছেলে রাসেল ইকবাল থানায় ঢুকে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন।
বুধবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে বাশঁখালী থানায় এই ঘটনা ঘটে।
রাসেল ইকবাল বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়ন মনছুরিয়া বাজার এলাকার মো: সিদ্দিকের ছেলে। তিনি চট্টগ্রাম নগরের ওমর গনি এমইএস কলেজের ডিগ্রির শিক্ষার্থী। রাসেল চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক বলে জানা গেছে।
বর্তমানে রাসেল ইকবাল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, রাসেল ইকবাল বাড়ি থেকে সিএনজি অটোরিকশায় চড়ে থানায় আসেন। গাড়ি থেকে নেমে থানায় ঢুকে বিষপানে আত্মহত্যা চেষ্টার ৪ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রাসেল ইকবাল নিজের ফেসবুকে লাইভ দিয়েছেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, আজকে একটি মর্ডার ঘটনায় সিদ্দিক নামে একজনকে লোককে সন্দেহজনক থানায় নিয়ে আসা হয়। উনার ছেলে বাবাকে কেন পুলিশ আটক করল। এটার অপমানে বিষপান করে থানায় ঢুকতে চেয়েছিল। কিন্তু আমার সেন্ট্রি দেখেছে, সেখান থেকে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে ওয়াশ করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, বিষপান করা রাসেল ইকবাল নামে এক যুবককে বুধবার সন্ধ্যায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
এমবি





