গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমকে তার পদে পুনর্বহাল করার জন্য স্থানীয় সরকার মন্ত্রীর কাছে আবেদন করেছেন সিটি করপোরেশনের ৬১ জন কাউন্সিলর।

রোববার (১২ মার্চ) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে ওই অবেদন জমা দেওয়া হয়।

৬১ কাউন্সিলরের সই করা আবেদনে বলা হয়, জাহাঙ্গীর আলম নির্বাচিত কাউন্সিলর ও দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে উন্নয়ন কার্যক্রম চালাতেন। কিন্তু গত ১৫ মাসে গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র আসাদুর রহমান কিরনের সেচ্ছাচারিতা অনিয়ম দুর্নীতি ও সমন্বয়হীতা বর্তমানে চরমসীমায় পৌঁছে গেছে। এতে লাখ লাখ নগরবাসী তাদের প্রাপ্য নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কাযত সিটি করপোরেশন অকার্যকর হয়ে পড়েছে। এতে সরকারের সুনাম নষ্ট হচ্ছে।

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের আগে অনুষ্ঠিত জাতীয় কমিটির সভায় সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের কারণে অব্যাহতিপ্রাপ্তদের ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে ১ জানুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা একটি চিঠির মাধ্যমে মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালের একটি ভিডিও সামাজিক যোগাযোগ-মাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনায় ওই বছরের ১৯ নভেম্বর জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। পরে ২৫ নভেম্বর তাকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

এইচএম