ফুটপাত দখল করে গড়ে ওঠা জাতীয় শ্রমিক লীগ তেজগাঁও থানার ২৬ নম্বর ওয়ার্ড কার্যালয় ভেঙে দিয়েছে করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কারওয়ান বাজার ঢাকা উত্তর সিটি করপোরেশনর (ডিএনসিসি) আঞ্চলিক কার্যালয় সংলগ্ন এলাকা থেকে ফুটপাত দখলমুক্ত করার এ উচ্ছেদ অভিযান শুরু হয়। এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।
অভিযানের শুরুতেই জনতা টাওয়ার সফটওয়্যার হাইটেক পার্ক সংলগ্ন ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ শুরু করে ডিএনসিসির দল। এসময় ফুটপাতটি দীর্ঘদিন ধরে দখল করে রাখা শ্রমিক লীগের কার্যালয় উচ্ছেদ করা হয়।
জানা যায়, সংগঠনটির তেজগাঁও থানাধীন ২৬ নম্বর ওয়ার্ডের কার্যালয় ছিল এটি। প্রায় ২০০ বর্গফুট জায়গা দখল করে ছিল কার্যালয়টি। সকাল ১১টা ১১ মিনিটে শুরু হয়ে ১১টা ২১ মিনিটের মধ্যে ভেঙে ফেলা হয় স্থাপনাটি। মাত্র ১০ মিনিটের মধ্যেই পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত হয় জায়গাটি।
শ্রমিক লীগের কার্যালয় ছাড়াও কারওয়ান বাজারের প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা এই প্রতিবেদন লেখা পর্যন্ত উচ্ছেদ করেছে ডিএনসিসি।
উচ্ছেদ অভিযান শেষে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানা গেছে।
এএস





