দিনাজপুরের খানসামা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. লুহিন (আড়াই বছর) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। তবে শিশুটি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের অবহলোয় মারা গেছে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। ‍

এ ঘটনার পর ওই স্বাস্থ্যকেন্দ্র ঘেরাও করে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

লুহিন উপজেলার খামার পাড়া ইউনিয়নের ভান্ডারদহ গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে।

সোমবার ( ২৩ মে ) দুপুরে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (পাকেরহাট) এ ঘটনা ঘটে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার জানান, খামারপাড়া ইউনিয়নের ভান্ডারদহ গ্রামের মিজানুর রহমানের ছেলে লুহিন দুপুরে বাড়ির পাশে খেলা করছিলো। এ সময় হঠাৎ সে পুকুরে পড়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর পর পরিবারের লোকজন চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ আনে।

এদিকে, সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি সমাধানের জন্য মৃত শিশুটির পরিবারের লোকজনের সঙ্গে আলোচনায় বসেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের ‍ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ওএফ