রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় নিহত শিশুর বাবা মো. শাহজাহান আলীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, অসুস্থ অবস্থায় বাবা ও ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদেরকে বার্ণ ইউনিটে নেওয়ার পরামর্শ দিলে বিকেল ৫টার দিকে নয়নকে মৃত ঘোষণা করা হয়। নয়নের বাবাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নয়নের মা জানান, কুড়িল বিশ্বরোডের ফুটপাতে তাঁদের একটি চায়ের দোকান আছে। ওই দোকানে নয়ন সারারাত কাজের পর সকালে বাড়িতে এসে ঘুমায়। অগ্নিকাণ্ডের সময় নয়ন ও তার বাবা ঘরের ভেতরেই ছিল। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করছেন।
এমই





