সহস্রাধিক যাত্রী নিয়ে চাঁদপুর থেকে ছেড়ে আসা লঞ্চ এমভি তুলতুল মেঘনা নদীর চরে আটকা পড়েছে।

বুধবার রাতে এমভি তুলতুল চাঁদপুর থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে রওনা দেয়। ভোরে চাঁদপুর ও মেহেন্দিগঞ্জ মধ্য স্থান ঢালবৈরবের ডুবো চরে লঞ্চটি সহস্রাধিক যাত্রী নিয়ে আটকা পড়ে।

বরিশাল বিআইডব্লিউটিএর (বন্দর) কর্মকর্তা আবুল বাশার মজুমদার জানান, এমভি তুলতুল মূলত ঢাকা-চাঁদপুর রুটের লঞ্চ। কিন্তু ঈদের বিশেষ সার্ভিস হিসেবে গত রাত থেকে চাঁদপুর-বরিশাল রুটে চলাচল শুরু করে।

গতকাল রাতে ৮০০ থেকে এক হাজার যাত্রী নিয়ে লঞ্চটি চাঁদপুর ছেড়ে বরিশালের উদ্দেশে রওনা দেয়। আজ ভোর রাত নাগাদ লঞ্চটি চাঁদপুর ও মেহেন্দিগঞ্জ মধ্য স্থান ঢালবৈরবের ডুবো চরে আটকে পরে।

পরে বিষয়টি লঞ্চের মাস্টার মোবাইল ফোনে বরিশাল বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে অবহিত করলে এখান থেকে চাঁদপুর বন্দর কর্মকর্তাকে অবহিত করা হয়।

তিনি আরো বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত চাঁদপুর থেকে লঞ্চটি উদ্ধারের জন্য একটি টাগবোট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। কিন্তু দুপুর ১২টায়ও সেখানে টাগবোটটি পৌঁছায়নি।

এমকে