নড়াইলে বসতভিটা নিয়ে বিরোধের জেরে ভাতিজার বল্লমের আঘাতে চাচা খুন হয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে নড়াগাতী থানাসংলগ্ন ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত চাচা আবদুল জলিল মৃধা নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা।
নড়াগাতী থানার ওসি রোকসানা খানম জানান, বসতভিটা নিয়ে চাচা আবদুল জলিল মৃধার সঙ্গে ভাতিজা আয়নালের (৩৫) বিরোধ চলছিল।
এর জের ধরে শনিবার রাত ৮টার দিকে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে উত্তেজিত হয়ে অয়নাল নিজের ঘর থেকে বল্লম বের করে জলিলের পেটে বিদ্ধ করে পালিয়ে যায়।
প্রতিবেশীরা গুরুতর জলিলকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাতিজা আয়নালকে ধরতে পুলিশি অভিযান চলছে বলে জানান ওসি।
এমআর





