বরগুনায় শাহ নেয়াজ রিফাত শরীফ’কে কুপিয়ে হত্যা মামলায় সাগর নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ (৩০ জুন) রোববার তাঁকে গ্রেফতার করা হয়। এই নিয়ে আলোচিত এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহা-পরিদর্শক (মিডিয়া) মো. সোহেল রানা।
২৫ জুন রিফাত শরীফকে হত্যার পরদিন ১২ জন আসামির নাম উল্লেখ করে মামলা দায়ের করেন তাঁর বাবা মো. আ. হালিম দুলাল শরীফ। মামলায় পাঁচজনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়। এই মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন (২৫)।
বাকি আসামিরা হলেন- মো. রিফাত ফরাজী (২৩), মো. রিশান ফরাজী (২০), চন্দন (২১), মো. মুসা, মো. রাব্বি আকন (১৯), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রায়হান (১৯), মো. হাসান (১৯), রিফাত (২০), অলি (২২) ও টিকটক হৃদয় (২১)।
এজাহারভুক্ত ১২ আসামির মধ্যে আগে ধরা পড়েছেন চন্দন ও মো. হাসান। আর নাজমুল হাসান একজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। তিনজনকেই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এছাড়া গতকাল গভীর রাতে পটুয়াখালী শহরের একটি বাসা থেকে সাইমুন (২১) নামে একজনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ জুন (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা স্ত্রীর সামনে প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়েশা আক্তার মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের দমাতে পারেননি। একাধারে রিফাতকে কুপিয়ে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে হামলাকারীরা। তারা চেহারা লুকানোরও কোনও চেষ্টা করেনি।
গুরুতর আহত রিফাতকে এদিন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে এনিয়ে দেশজুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এমবি





