সিরাজগঞ্জের শাহজাদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসি, সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে ১১৬ রাউন্ড টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পারকোলা বাজার এলাকায় যানবাহন চলাচল বন্ধ ছিল।

স্থানীয়রা গুরুতর আহত লতিফ (২২), শফিকুল ইসলাম (৩০), খলিল সেখ (২৮), আনসার আলী (৩৫), নজরুল সেখ (২৫), শাহিন (২০), রকিব (২৩), আল আমিনকে (২৪) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

সংঘর্ষ চলাকালে শাহজাদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) রেজাউল হক ও দৈনিক যুগান্তরের শাহজাদপুর প্রতিনিধি মুমীদুজ্জামান জাহান আহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শাহজাদপুরের নরিনা ইউনিয়নের জংনীদহ নজরুল ও পারকোলা আলমাস ঢাকার গাজীপুরে চাকরি করতো। সেখানে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তারা দুজন ঈদের ছুটিতে বাড়িতে আসেন। এরই জের ধরে মঙ্গলবার সকালে নজরুল বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পারকোলা বাজারে আসলে আলমাস অতর্কিতভাবে তাকে মারপিট শুরু করে।

একপর্যায়ে ঘটনাটি ছড়িয়ে পড়লে উভয় গ্রামবাসীর মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহজাদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) রেজাউল হক জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেএইচ