কুমিল্লার চান্দিনা উপজেলায় চোর সন্দেহে শাহ আলম (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) ভোর ৫টায় উপজেলার ধেরেরা গ্রামে এ ঘটনা ঘটে। দুই সন্তানের জনক নিহত শাহআলম ওই গ্রামের শহিদউল্লার ছেলে।
চোখের সামনে ছেলেকে পিটিয়ে হত্যার দৃশ্য দেখে তাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন নিহতের মা ফিরোজা বেগমও (৪৫)।
নিহতের স্ত্রী মনি আক্তার বলেন, ফজরের আযানের পর আমরা ঘুম থেকে উঠি। আমি গৃহস্থালির কাজ শুরু করি আর তিনি (শাহআলম) বাড়ি থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পর লোক মারফত জানতে পারি তাকে পার্শ্ববর্তী মিয়া বাড়িতে বেঁধে রেখেছেন।
খবর পেয়ে আমরা ওই বাড়িতে গিয়ে দেখি ৬-৭জন লোক তাকে এলোপাথাড়ি মারধর করছেন। এসময় আমার শাশুড়ি এগিয়ে গেলে তাকেও মারধর করেন। একপর্যায়ে আমার স্বামীর মৃত্যু ঘটে।
এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে নিহতের আগের রেকর্ড ভাল না। তার বিরুদ্ধে চুরিসহ নানা অভিযোগ রয়েছে।
এসটি





