আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং রুম টু রিড এর যৌথ উদ্যোগে অধিদপ্তর মিলনায়তনে বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ’শিশুদের বাংলা ভাষায় পাঠদক্ষতা ও পাঠাভ্যাস সমৃদ্ধিকরণ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি এবং বিশেষ অতিথি হিসেবে শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সুলতান মাহমুদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সভাপতি, রুম টু রিড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার স্বাগত বক্তব্যে মানসম্মত শিক্ষা, শিক্ষার মাধ্যম এবং শিক্ষালাভের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, মাতৃভাষার মানসম্মত ও কার্যকরী শিক্ষার প্রসারের মাধ্যমে শিশুরা যেন পরিপূর্ণভাবে একজন স্বাধীন পাঠক হয়ে উঠতে পারে এবং সমৃদ্ধ দেশ ও বিশ্ব গড়তে সক্রিয় অংশগ্রহণ করতে পারে সেই লক্ষে বাংলাদেশ সরকারের পাশাপাশি রুম টু রিড এর কার্যক্রম অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানের মূল আলোচক ইমেরিটাস অধ্যাপক, ড. মনজুর আহমদ একুশে ফেব্রুয়ারির পটভূমি আলোচনা করার পাশাপাশি মানসম্মত শিক্ষায় মাতৃভাষার গুরুত্ব তিনি তুলে ধরেন।

তিনি আরো বলেন, জীবনমান উন্নয়ন, মানবিক বিকাশ, আত্মসচেতনতা, সঠিক সিদ্ধান্ত গ্রহন এবং দেশগঠনে শিশুদের বাংলা ভাষায় পাঠদক্ষতা ও পাঠাভ্যাস অপরিহার্য।

বাংলা ভাষা তথা মানসম্মত সাক্ষরতা নিয়ে রুম টু রিড-এর কার্যক্রম তুলে ধরেন সংস্থাটির লিটারেসি ডিরেক্টর শাহ আলম। কার্যক্রমের বর্ণনার পাশাপাশি মুক্ত আলোচনা, সবার জন্য মানসম্মত শিক্ষা প্রসারে সরকারের করনীয় এবং বিভিন্ন চ্যালেঞ্জ বিষয়ে আলোকপাত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল বলেন- মাতৃভাষা চর্চা যে কোন জাতির সাফল্য অর্জনের মূল ভিত্তি। তিনি সাক্ষরতা অর্জনের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা তুলে ধরেন এবং সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতার কথা বলেন।

ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল ২০১৬ সালে শিশুদের জন্য প্রকাশ হওয়া ১২টি বইয়ের মোড়ক উন্মোচন করেন এবং লেখক ও আঁকিয়েদের শিশুবান্ধব সৃজনশীল গল্প, প্রবন্ধ, কবিতা লেখার জন্য উৎসাহ প্রদান করেন। প্রকাশিত বইগুলোর মধ্যে ’বিলুর সাইকেল’, ’সাহসী রিমা’, ’দাদুর জন্য ভালোবাসা’, ’রিমির লাল বই’, ’মনের মতো বন্ধু’, ’পুটু ও গুটু’, ’হারানো বল’ উল্লেখযোগ্য।

সমাপনী বক্তব্যে রুম টু রিড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার উপস্থিত সকলকে টেকসই উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে মানসম্মত ও জীবনমান উন্নয়ন সহায়ক শিক্ষাপ্রসারে সবাইকে একহয়ে কাজ করার আহবান জানান।

জারিফ