আশুলিয়ায় ২৪ ঘণ্টা পর অপহৃত ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদকে (৭৩) উদ্ধার করেছে পুলিশ। সাভারের রেডিও কলোনি জালেশ্বর থেকে বুধবার দুপুরে তাকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
উদ্ধার আব্দুর রশিদ মানিকগঞ্জ জেলার শিবালয় থানার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
আটকরা হলেন- মিতু আক্তার (৩২), আলেয়া আক্তার (৩৫), মো. খোকন (৩০) ও আব্দুর রহিম। এদের প্রত্যেকের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানায়।
উদ্ধার আব্দুর রশিদ চেয়ারম্যান জানান, মঙ্গলবার বিকেলে ব্যক্তিগত কাজে আশুলিয়ার নবীনগরে আসলে অপহরণকারীরা তাকে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। প্রথমে উত্তরা ও পরে সাভারের জালেশ্বর এলাকায় কামরুল হাসান বিপ্লবের বাড়িতে তাকে আটকে রাখা হয়। এ সময় অপহরণকারী চক্রের সদস্যরা একটি মেয়েকে দিয়ে আব্দুর রশিদের সঙ্গে অশ্লীল ছবি তুলে তা প্রকাশের ভয়ভীতি দেখিয়ে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ সময় বিকাশের মাধ্যমে এক লাখ টাকা আদায় করেন তারা।
এ ঘটনায় অপহৃতের পরিবারের পক্ষ থেকে শিবালয় ও আশুলিয়া থানায় দুটি সাধারণ ডায়েরি করা হলে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসানের নেতৃত্বে আশুলিয়া থানা পুলিশ সাভারের জালেশ্বর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ইউপি চেয়ারম্যানকে উদ্ধার ও চারজনকে আটক করে।
সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসান জানান, আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হবে।
জেআই





