বজ্রপাতে সারা দেশে ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে দিনাজপুরে ৮ জন, সুনামগঞ্জের জগন্নাথপুরে ২ জন এবং গাইবান্ধার সুন্দরগঞ্জে ১ জন নিহত হয়েছেন।
দিনাজপুর থেকে প্রতিনিধি জানান, দিনাজপুরে পৃথক ৩টি বজ্রপাতে ১ শিশু ও ১ মহিলাসহ ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৫ জন।
গতকাল দুপুর দেড়’টায় দিনাজপুরের বিরল উপজেলার পূর্ব-রাজরামপুর এলাকায় বজ্রপাতে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়। একই ঘটনায় আহত হয় আরো ৭ জন। দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো দু’জন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ সরকার।
তিনি জানান, ঘটনার সময় সামান্য বৃষ্টি ঝরছিলো আকাশ থেকে। আকাশ থেকে বজ্রপাতের শংকায় কয়েকজন ওই এলাকার একটি স্যালো মেশিন ঘরে আশ্রয় নেয়। এ সময় ঘটে বজ্রপাত। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। আহত হয় আরো ৭ জন।আহতদের দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো দু’জন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের নাম-ঠিকানা জানা যায়নি।
বিরল উপজেলার মখলেসপুর গ্রামে আজ দুপুরে বজ্রপাতে হৃদয় (১২) নামে এক শিশু আহত হয়। দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা কলে চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে শনিবার ভোরে চিরিরবন্দর উপজেলার সাতনালা চকরামপুর গ্রামে হালিমা খাতুন (৩০) এক গৃহবধূ বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
ওসি হারেসুল জানায়, ভোরে বৃষ্টির সময় বাড়ির আঙিনায় রান্নার চুলা ঢাকার জন্য ঘর থেকে বের হন হালিমা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জন নিহত: জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের জগন্নাথপুরে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঘিপুরা গ্রামের তাজুদ মিয়ার স্কুলপড়ুয়া ছেলে সুজাত মিয়া (১৬) বিদ্যালয়ে যাওয়ার পথে তাদের বাড়ির পাশে বজ্রপাতে মারা যায়। সে আটপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজন, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
অপরদিকে ওই ইউনিয়নের কামালখাল গ্রামের মৃত হাকিম উল্লার ছেলে আবদুল আহাদ (৪৫) সকাল ৮টার দিকে স্থানীয় হাওরে ছাই দিয়ে মাছ শিকার করছিলেন। হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করে স্থানীয় কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাসিম।
তিনি বলেন, ২ জনের আকস্মিক মৃত্যুতে ইউনিয়নবাসী শোকাহত। তবে জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানিয়েছেন, বজ্রপাতে একজন শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। অপর ব্যক্তির মৃত্যুর খবর পাননি তারা।
সুন্দরগঞ্জে বজ্রপাতে ১ ব্যক্তি নিহত: সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার বেলা ২টার সময় শ্রীপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের রাজু মিয়ার ছেলে জাকির হোসেন (২৫) ধর্মপুর থেকে বাড়ি ফেরার সময় বোয়ালী সংলগ্ন স্থানে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়।
এমবি





