সাভারের আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকায় এক তরুণী (২২) গণধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
আশুলিয়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আশুলিয়া থানার পাড়াগ্রাম এলাকার মজিবর বেপারির ছেলে মো. অকলাক বেপারি (২৭), আমান দেওয়ানের ছেলে রিয়াদ দেওয়ান (২২), সাধুপাড়া এলাকার মো. আলী শশুরের ছেলে রাকিব ওরফে বাদল (২৭) ও একই থানার নিশ্চিন্তপুর এলাকার লিয়াকত আলী মন্ডলের ছেলে আনোয়ার হোসেন (২৪)।
তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয় বলেও জানায় পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই তরুণী শনিবার সন্ধ্যায় নিশ্চিন্তপুর থেকে মিরপুরের নিজ বাসায় ফিলছিলেন। ফেরার পথে চার বখাটে তাকে জোরপূর্বক একটি ফাঁকা বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের একটি ক্লিনিকে ভর্তি করে।
তিনি আরও বলেন, পরে ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার রাতে চার ধর্ষককে আটক করা হয়।
তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
কেএইচ





