ঢাকার সাভারে বাড়ির ছাদে বৃষ্টিতে গোসল করার সময় বজ্রপাতে ৩ স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরেক স্কুলছাত্র।

আজ বৃহস্পতিবার বিকেলে সাভারের হেমায়েতপুরের ঝষিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাহিদ (১৬) ও শাহপরান (১৮)। নিহত অপরজন এবং আহতের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

এলাকাবাসী জানায়, বিকেলে জনৈক ইসমাইল মিয়ার দোতলা বাড়ির ছাদে বৃষ্টিতে গোসল করছিলেন চার কিশোর। এসময় বজ্রপাত হলে নাহিদ, শাহপরানসহ চার কিশোর অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ, শাহপরান ও অজ্ঞাত এক জনকে মৃত ঘোষণা করেন। আহত অপর কিশোর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা সবাই স্কুলছাত্র বলে জানা গেছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমবি