ইসরাইলের উগ্রপন্থী ইহুদিদের ফিলিস্তিনের একটি পরিবারের ওপর আগুন দেয়ার ঘটনাকে বাংলাদেশ কাপুরুষোচিত আক্রমণ হিসেবে অভিহিত করে ক্ষোভ প্রকাশ করেছে। পাশাপাশি এ ঘটনায় জড়িদের অনতিবিলম্বে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে বাংলাদেশ।
ওই ঘটনায় নিহত একজন শিশুর পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোববার বিকালে গণমাধ্যমে বার্তা পাঠিয়ে এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, ইসরাইলের উগ্রপন্থী ইহুদিরা ফিলিস্তিনের একটি পরিবারের ওপর গত ৩১ জুলাই আগুন দেয়, যা কাপুরুষোচিত আক্রমণ। ওই ঘটনায় বাংলাদেশ ক্ষোভ প্রকাশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
বার্তায় আরো বলা হয়, ফিলিস্তিনের জনগণ এবং সার্বভৌমের প্রতি বাংলাদেশের আস্থা ও সমর্থন রয়েছে।
জানা গেছে, গত ৩১ জুলাই উগ্রপন্থী ইহুদিদের দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে ১৮ মাস বয়সী শিশু আলী সাদ দওয়াবশেহ নিহত হয়। ওই শিশুর পরিবারের অন্য সদস্যরাও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। এদিকে ওই ঘটনার প্রতিবাদে ইসরায়েলেও বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।
এদিকে, উদ্দেশ্যপ্রণোদিত ওই অগ্নিসংযোগে হতাহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট রুভেন রিভলিন। তবে ঘটনার দুই দিন পেরুলেও এখনো কোনো দোষীকে গ্রেফতার করা হয়নি।
এআর





