আন্তর্জাতিক আইন ও রীতি অনুযায়ী নদীর পানি ব্যবহারে বিভিন্ন চুক্তি ও নীতিমালা অনবরত অমান্য করে চলেছে ভারত, এমন মন্তব্য করেছেন জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন বাস্তবায়ন আন্দোলনের নেতারা।

একই সঙ্গে তিস্তাসহ ভারতের সঙ্গে সম্পৃক্ত ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা পেতে জাতিসংঘ পানিপ্রবাহ কনভেনশন-১৯৯৭’র আলোকে পানি ব্যবহার চুক্তি সম্পাদনের দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো।

বুধবার (০৩ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে তিস্তাসহ ভারতের সঙ্গে ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আয়োজিত এক মানববন্ধনে লিখিত বক্তব্যে এ মন্তব্য করেন পরিবেশবাদীরা।

মানববন্ধনে জলজলা ও কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ফরিদুর ইসলাম ফিরোজ সভাপতির বক্তব্যে বলেন, আন্তর্জাতিক আইন ও রীতি অনুযায়ী, আন্তর্জাতিক নদীর পানি ব্যবহারে বিভিন্ন চুক্তি ও নীতিমালা অনবরত অমান্য করে চলেছে ভারত।

তিনি বলেন, বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ ভারত। এরপরও ফারাক্কার চুক্তি সত্ত্বেও যথাযথভাবে পানি না পাওয়ায়, এ বন্ধুত্বের বিশ্বস্ততা প্রশ্নের ঊর্ধ্বে উঠতে পারেনি। বর্তমানে ভারতের নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে।

আমাদের বিশ্বাস, বাংলাদেশ সরকার ভারতের সব চাওয়াই পূরণ করছে। সে ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালার আলোকে তিস্তাসহ সব অভিন্ন নদীতে পানি ব্যবহারের অধিকার ভোগ করবে।

তিনি প্রশ্ন রেখে বলেন, এমন চুক্তি করতে বিলম্ব কেন?

‘আন্তর্জাতিক চুক্তি অমান্য করে ভারত নদীর ওপর বিভিন্ন ধরনের ড্যাম, ব্যারেজ ও বিদ্যুৎ প্রকল্প গড়ে তুলছে একতরফাভাবে’ এমন অভিযোগ মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তাদের।

তারা নদীর ওপর এ সব বাধা প্রত্যাহারেরও দাবি জানান।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- গ্রিন ভয়েসের আহ্বায়ক মীর বিশ্বাস, তিস্তা নদী রক্ষা সংগ্রাম কমিটির উপদেষ্টা রাজীব হাসান মুন্না, বিজ্ঞান আন্দোলন মঞ্চের আহ্বায়ক রুহুল আমীন।

এমকে